
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)। শনিবার (১৫ আগস্ট) বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শিপইয়ার্ডটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইয়ার্ডটি সম্পূর্ণ বন্ধ থাকবে।
গত শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় অবস্থিত শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিক মারা যান।
দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ জাহাজটি ২৮০ মিটার দীর্ঘ এবং ৪৩ মিটার প্রশস্ত। জাহাজটি গত বছরের জুলাই মাসে চট্টগ্রামে নোঙর করে এবং পরে ভাঙার জন্য ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে আনা হয়।
বিএসআরবির তথ্য অনুযায়ী, হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্যের অভিযোগ পাওয়া গেছে। এর আগে শিল্প সচিব জানিয়েছিলেন, বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় জাহাজটিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।